উত্তরবঙ্গচর্চার জন্য বা উত্তরবঙ্গের সাহিত্য-সংস্কৃতি নিয়ে একটা আলোচনার পরিসর তৈরির জন্য ২১ ডিসেম্বর ২০১৯-এ কবি-গদ্যকার ও ‘ইবলিশ’ পত্রিকার সম্পাদক রাহেবুল-এর উদ্যোগে ফেসবুকে তৈরি হয় ‘উত্তরবঙ্গের সাহিত্য-সংস্কৃতি’ নামের একটি গ্রুপ। যা দু’তিন বছর ধরে ঢিমে তালে চলতে চলতে ২০২২-এর মাঝামাঝি এসে এক হাজার সদস্য পূর্ণ করে। রাহেবুলের একক উদ্যোগ অনেকের উদ্যোগে পরিণত হয়, ধীরে হলেও। এরই ফাঁকে পরিকল্পনামাফিক কাজ চলতে থাকে। পরিকল্পনা বলতে? উত্তরবঙ্গের সৃজনশীল ব্যক্তিবর্গ, লিটল ম্যাগাজিন, বইপত্র, ছবি-সিনেমা, জনজাতি, পোশাক-পরিচ্ছদ, খাদ্যাভ্যাস এইসব এবং আরও যা যা কিছু উত্তরবঙ্গের তা নিয়েই সাজানো-গোছানো বিভিন্ন টপিক ধরে ধরে যেমন উত্তরবঙ্গের জেলাওয়ারি তথ্যবিন্যাস, বই-এর রিভিউ, পত্রিকার রিভিউ, বিভিন্ন প্রবন্ধ-নিবন্ধ, সাংস্কৃতিক খবরাখবর, পত্র-পত্রিকা ও কবি-লেখক-শিল্পীদের প্রোফাইল এই ধরনের আরও কয়েকটি শ্রেণিতে গ্রুপে তথ্য সমাবেশ হয়। তাছাড়া আড্ডা বা আলোচনার আসর, সাহিত্যসংবাদ বা সাংস্কৃতিক সংবাদ, উত্তরবঙ্গ সম্পর্কিত কারোর কোনো জিজ্ঞাস্যের সমাধা এগুলিও চলে তাতে। তার সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গের বা উত্তরবঙ্গ বিষয়ক বিভিন্ন বইয়ের পিডিএফ তথা উত্তরবঙ্গের পত্রপত্রিকারও পিডিএফ গ্রুপে সংযুক্ত হতে থাকে। বলাবাহুল্য এই সব কিছুই উত্তরবঙ্গের স্বার্থে এবং কোনও ধরনের ভোটে জেতা বা তারপর বারবার বারবার পাল্টি খাওয়ার জন্য নহে!
এক্ষণে সেই ফেসবুক গ্রুপের তথ্যপঞ্জি যেন আগামীতে কোনোভাবে হারিয়ে না যায়, এবং সেগুলিকে গুরুত্ব অনুযায়ী যেন আরও সুসজ্জিত করে, প্রয়োজনে বাছাই করে বা আরও তথ্য সংযোজিত করে ব্লগ বা ওয়েবসাইটের সীমাবদ্ধ সুযোগ-সুবিধাটুকুকে ব্যবহার করে আর্কাইভ করা যায়, সেই লক্ষ্যেই এই ব্লগ বা ওয়েবসাইটির উন্মোচন। আশা করা যায় উত্তরবঙ্গের পাঠক-পড়ুয়া, গবেষক, কবি-লেখক বা উত্তরবঙ্গের সাহিত্য ও সংস্কৃতি সম্পর্কে জিজ্ঞাসু যে কেউ এতে উপকৃত হবেন।
আমাদের পরিকল্পনার অংশ হতে কিংবা আমাদের সঙ্গে যোগাযোগের জন্য বা কোনোরূপ কথাবার্তা, শলাপরামর্শর জন্য আমাদের উত্তরবঙ্গের সাহিত্য-সংস্কৃতি ফেসবুক গ্রুপটি দ্রষ্টব্য কিংবা ইমেল করুন: ubarchive.rahebul@gmail.com।
No comments:
Post a Comment