শুভ মৈত্রের ‘নুন সাবানের গল্প’
শুভ্রর শব্দেরা
মধ্যরাতে ঘুম থেকে আমাদের ঝাঁকিয়ে তোলে, আমাদের
ঘুমোতে দেয় না, ক্রমাগতঃ কানের কাছে চিৎকার করে বলে “আমাদের
তোমরা ভুলতে পারো না। আমাদের মনে রাখতে তোমরা বাধ্য। “শুভ্রর পাঠকেরা বাধ্য তার
এই বইটি হাতে নিয়ে শেষ করার পরও চুপ করে বসে ভাবতে।
অনন্য শব্দ চয়ন, ঝকঝকে গদ্যর পাশাপাশি তাঁর আধুনিক এবং চারপাশের ঘটনা কেন্দ্রিক বিষয়
নির্বাচন আমদের অভিভূত করে। শিক্ষার সঙ্গে বেমানান চাকরির প্রস্তাবে নিজেকে ফুরিয়ে
ফেলা যুবকের উঠোন থেকে ভিড় সরে গেলে বিছানার চাদর পাল্টে দেন মা, আর হাউসকিপিং শব্দ টা আমাদের চারপাশে নৈঃশব্দ নিয়ে আসে। শুভ্রর কলমে উঠে
আসে যৌনলাঞ্ছনা লুকোতে শেখা কিশোরীর মুখ, পরিযায়ী শ্রমিকের
দুর্ভোগ, হাঁটতে হাঁটতে লুটিয়ে পড়া ছত্রিশগড়ের জামালা মকদমের
যন্ত্রনা, রেল লাইনে পড়ে থাকা নিহত পরিযায়ী মানুষের রুটির
তুকরো, আশ্রয় খোঁজা বন্যার্ত মানুষেকে সাহায্যের অসহ্য ভান।
অনায়াস দক্ষতায় শুভ্র
এঁকে যান ঘটনার ছবি। বাস দূর্ঘটনা, নিয়ত
অপমানিত শিক্ষক, ভোটের আগে নিজের রেট জেনে যাওয়া মানুষ,
ফুটবলার হতে চেয়ে এগরোলের দোকানদার হয়ে যাওয়া হেরো মানুষ, করোনা কালে স্কুল বন্ধের কথা শুনে খিচুড়ি না পাওয়ার বেদনা বিদ্ধ ক্ষুধার্ত
মুখ, সবার সহমর্মী শুভ্র। সুবিধাবাদী রাজনীতির, রাজনীতির কারবারির মুখোশ খুলে দেয় শুভ্রর শানিত তরবারি। এক একটি বাক্য
তীরের মতো নিঁখুত নিশানায় ছুটে যায়। কালো মেয়েকে রাস্তায় ব্যঙ্গবিদ্ধ করে আমেরিকার
কালো মানুষের অধিকার নিয়ে সরব মধ্যবিত্ত ভন্ডামিকে টুকরো টুকরো করে ভেঙ্গে ফেলেন
শুভ্র। এই বইয়ের প্রতিটি শব্দ আমাদের চেতনাকে শানিত করে, প্রতিটি
লাইন বুকের মধ্যে আলোড়ন তোলে। আমার মতে অবশ্যপাঠ্য এই বইটির শ্রেষ্ঠতম শব্দগুচ্ছ
“স্বাধীনতা
আসলে না বলতে পারার সামর্থ্য। ক্ষমতা ভুলে গেছিল তা’’।
চমৎকার প্রচ্ছদ, ছাপার ভুলবিহীন, সুন্দর অক্ষর বিন্যাসের এই বই
পাঠকের সংগ্রহের একটি সম্পদ।
পাঠ-প্রতিক্রিয়া:
মৃগেন সরকার।
নুন সাবানের গল্প
শুভ মৈত্র।
উড়ান, মালদহ (9474476506)
মূল্য ২০০ টাকা।

No comments:
Post a Comment